একজন সরকারি কর্মচারীর দায়িত্ব ও কর্তব্য কি কি তা আমি-আপনি না জানলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিকই জানে। প্রশ্ন করে দেখুন Gemeni, Chat GPT বা Grok-কে, “What are the duties and responsibilities of a Govt. employee in Tripura?” কি উত্তর দেয় দেখুন। উত্তরটা ঠিক না বেঠিক সেটা যাচাই করুন। এবং বাস্তবে একজন সরকারি কর্মচারী এই দায়িত্ব ও কর্তব্যের কতটা সঠিকভাবে পালন করেন সেটা খোঁজ নিয়ে দেখুন। সরকারি কাজকর্ম একটা নির্দিষ্ট সিস্টেমে চলার কথা, কারো খেয়াল খুশি মতো নয়। কেননা administration এবং management শেখার বিষয়। কিন্তু এই বিষয়ে স্কুল কলেজে কতজন পড়াশোনা করেছে সেটা নিশ্চিত নয়। কেননা সাবজেক্টই ছিল না। সেই ক্ষেত্রে না জেনেবুঝে ভুল ধারণার বশবর্তী হয়ে কিছু করতে গেলে হিতে বিপরীত হবার সম্ভাবনাই বেশি। জনসম্পদ নিজের সম্পত্তি নয় এবং জনস্বার্থে কাজ করাটাই সরকারের প্রধান দায়িত্ব এই ধারণা না থাকলে ভুল হতেই পারে। সরকার মানেই of the people, by the people, for the people. রাজা হলে সেটা ঠিক উলটো হবে। তখন প্রজারা সব কিছুই রাজার জন্য করবেন। কিন্তু একজন জনপ্রতিনিধি জনগণের জন্য কাজ করেন। যদিও সরকারি কর্মচারীদের মধ্যে একটা অংশ নিজেদের লাভ লোকসান নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। তাই সরকারি অর্থের অপব্যবহার বা দুর্নীতির জন্য কি কি শাস্তিমূলক ব্যবস্থা আছে সেই-সম্বন্ধে সবার স্পষ্ট ধারণা থাকা দরকার। দেখার কেউ না থাকলে চুরি হওয়াটাই স্বাভাবিক। সব রকম সরকারি কাজেই যাতে স্বচ্ছতা বজায় থাকে এই ব্যাপারে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। দূরদর্শিতার অভাবে অনেক পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়িত না-ও হতে পারে। যথাসময়ে সঠিক পরিকল্পনার মাধ্যমেই সব কিছু করা উচিত যাতে শেষ সময়ে হয়রানি না হয়। আইনশৃঙ্খলা রক্ষা, সময়োচিত পরিষেবা প্রদান, স্বচ্ছতা ও নৈতিকতার সাথে কাজ করার সাথে সাথে আর্থিক স্বনির্ভরতাই নির্বাচিত সরকারের অস্তিত্বের ভিত শক্তিশালী করতে পারে। সুশাসন নিশ্চিত করতে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আমাদের বর্তমান অবস্থান মূল্যায়ন করা আবশ্যক। ছোট মাঠে দুর্বল শটও ছয় হয়, কিন্তু বৃহৎ ক্ষেত্রে ওই একই শট বিপদের কারণ, অর্থাৎ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শাসন (গভর্নেন্স), ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট), এবং প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেশন) হলো প্রশাসনিক পরিধির মূল স্তম্ভ। কার্যকর ও সময়োচিত নাগরিক পরিষেবা প্রদানের জন্য তাই সবার আগে প্রশাসনিক পরিকাঠামো, ব্যবস্থাপনা পদ্ধতি, এবং সমস্ত কর্মপদ্ধতির মান উন্নত করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন