সমাজে দুর্নীতি বা corruption-এর সত্যতা অস্বীকার করার উপায় নেই। সুযোগ যেখানে, দুর্নীতি সেখানে। জন্মগতভাবে হয়তবা কেউ রাজা হরিশচন্দ্র হয়ে জন্মাননি, সেটা সত্যি কথা। তাই অভাবে, অনটনে, স্বভাবে, লোভের বশবর্তী হয়ে দুর্নীতির ফাঁদে পা রাখতে কেউ পিছপা হয় না। কিন্তু জনপ্রতিনিধি, জনসেবক ও জনগণ এক কথা নয়। জনসেবক বা Govt. servantদের দায়িত্ব জনগণকে পরিষেবা প্রদান করা। সেই জায়গায় জনসেবক বা জনপ্রতিনিধিরা জনগণের টাকাই লুঠ করলে তা উন্নয়নের পরিপন্থি। চোরের স্বভাব চুরি করা - রাজনীতি বা প্রশাসন শুধুমাত্র একটা মাধ্যম। তাই দলমত নির্বিশেষে সর্বপ্রকার দুর্নীতির প্রতিবাদ করা উচিত। কিন্তু শুধু প্রতিবাদ করলেই চোর ধরা পড়ে না। তার জন্য চাই আইন ব্যবস্থার উন্নতি ও স্বচ্ছ নিয়মপ্রণালী - যে সিস্টেমে চুরি নিজে থেকেই ধরা পড়ে যাবে। যে কোনো প্রকার অনিয়ম হলে সিস্টেমই দেখিয়ে দেবে কোথায় ভুল। সময় থাকতে থাকতে ভুল শুধরে নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি করাটা আখেরে সবার ক্ষেত্রে সুখকর নাও হতে পারে, দলবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি, গুন্ডামি করা এলাকার মাতব্বরদের অস্তিত্ব যেখানে, অরাজকতা সেখানে। এদের দিয়ে আদৌ কোনোদিন জনগণের মঙ্গল হয়েছে কিনা সেটা একটি বিরাট প্রশ্ন। হলেও তা নিজেদের অন্ধকার দুর্নীতির জগৎটাকে ঢেকে ফেলার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। নীল শেয়াল সেজে মানুষকে বোকা বানানোর খেলায় এরা সিদ্ধহস্ত। কোনো প্রকার নিয়মের এরা পরোয়া করে না। সুযোগ এবং প্রশ্রয় পেলে তার অসৎ ব্যবহার করার লোকের অভাব না। সুযোগের অপব্যবহার করাটা একটি বদঅভ্যাস। ধান্দাবাজি এবং business management এক কথা নয়। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, বদলে দিতে পারে তার স্বভাবচরিত্র। মানুষ ভুলে যায় তার নিজের সত্তা, মানুষ হয়ে উঠতে পারে অমানুষ। আজকের পৃথিবীতে টিকে থাকাটাই একটা কঠিন বাস্তবতা। তাই চুরি করে বড়োলোক হবার লোভ সকলে সামলাতে পারে না।
যে-কোনো প্রকার সমস্যার সমাধান করতে গেলে প্রথমে সমস্যাটা কী সেটাই আগে ভালোভাবে বোঝা দরকার। তারপর তার সম্ভাব্য সমাধান কিকি হতে পারে সেটা দেখা দরকার। সেই সমাধান কী করে করা যেতে পারে, তাও জানা থাকতে হবে। প্রশ্ন হলো:
১) দুর্নীতি প্রতিরোধে কিকি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
২) দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারের কী করা উচিত?
৩) জনগণ কী ভাবে দুর্নীতি প্রতিরোধে সদর্থক ভূমিকা পালন করতে পারে?
এই দুর্নীতির ভাইরাস বা ক্যান্সারকে প্রতিহত করার সঠিক উপায় যতদিন না বের করা সম্ভব হচ্ছে, ততদিন প্রকৃত অর্থে সকলের বিশ্বাস অর্জন করে, সকলকে সঙ্গে নিয়ে দেশ ও দশের সার্বিক উন্নয়ন এবং সুনির্দিষ্ট লক্ষ্যে অগ্রগতি সম্ভব নয়।
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
দুর্নীতির ভাইরাস
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল নিরাপত্তা
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা এক্স (সাবেক টুইটার)-এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পারস্পরিক যোগাযোগের গণ্ডি পেরিয়ে এক বিশাল ডিজিটাল বাজার, সংবাদ কেন্দ্র এবং জনমত গঠনের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে। আজ মানুষের মতাদর্শ, জীবনযাত্রা থেকে শুরু করে সরকারি নীতি নির্ধারণের প্রক্রিয়া পর্যন্ত সবকিছুই এই মাধ্যমগুলোর দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছে। একদিকে যেমন এর মাধ্যমে সরকারি বিজ্ঞপ্তি, নতুন আইন বা জনহিতকর প্রকল্পের তথ্য মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, অন্যদিকে তেমনি প্রাকৃতিক দুর্যোগ বা জনস্বাস্থ্য সংকটের সময়ে সঠিক তথ্য দিয়ে জনগণকে সচেতন করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর গুজব প্রতিরোধে এটি এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা বা মতামত প্রশাসনকে জানাতে পারছে, যা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তবে এই ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি সরকারি দপ্তর বা প্রাতিষ্ঠানিক স্তরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে তা নিয়মিত আপডেট না করার মতো উদাসীনতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাও পরিলক্ষিত হচ্ছে।
এই ব্যাপক সংযোগের হাত ধরে ডিজিটাল কারচুপির ঝুঁকি ও আর্থিক ক্ষতির আশঙ্কা আজ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। স্মার্ট ডিভাইসের সহজলভ্যতার কারণে বর্তমান প্রজন্মের মধ্যে প্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহ কমছে এবং 'সুইচ টিপলেই সব হয়'—এমন একটি ভ্রান্ত মানসিকতা তৈরি হচ্ছে, যা মূলত ব্যবহারিক দক্ষতার অভাবকেই নির্দেশ করে। তথ্যের সঠিক বিশ্লেষণ এবং উপযুক্ত সুরক্ষার অভাবে সাধারণ ব্যবহারকারীরা, বিশেষ করে তরুণ প্রজন্ম, সহজেই অনলাইনে ছড়িয়ে থাকা বিভ্রান্তিকর তথ্যের শিকার হচ্ছে, যা দীর্ঘমেয়াদী আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তথাকথিত 'ইনফ্লুয়েন্সার' বা প্রভাবশালী ব্যক্তিদের দেওয়া উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রলোভন, 'পিগ বুচারিং' বা লটারি জালিয়াতির মতো জটিল প্রতারণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ফিশিং লিঙ্ক বা ডিপফেক স্ক্যামের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এই ডিজিটাল গোলকধাঁধায় প্ল্যাটফর্মের অ্যালগরিদমগুলো কীভাবে সুনির্দিষ্ট বিজ্ঞাপনের ফাঁদে আমাদের প্রলুব্ধ করে এবং কেন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন, তা অনুধাবন করা আজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এই ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি থেকে বাঁচতে বর্তমান যুগে আর্থিক ও তথ্যপ্রযুক্তিগত সাক্ষরতার (IT Literacy) মিলন ঘটানো একটি অপরিহার্য জীবন-দক্ষতা হয়ে দাঁড়িয়েছে। একটি রূপকের মাধ্যমে বলা যায়, তথ্যপ্রযুক্তিগত সাক্ষরতা আপনার ডিজিটাল দরজায় একটি শক্তিশালী তালা লাগিয়ে দেয়, আর আর্থিক সাক্ষরতা নিশ্চিত করে যে আপনি কোনো চতুর অপরিচিত ব্যক্তির হাতে সেই দরজার চাবি স্বেচ্ছায় তুলে দেবেন না। বিশেষ করে ভারতের মতো দেশগুলোতে যেখানে ডিজিটাল লেনদেন অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে, সেখানে ছাত্র ও যুবসমাজের জন্য এই দুই ধরনের দক্ষতা অর্জন করা এখন সাধারণ লেখাপড়ার মতোই মৌলিক বিষয়। স্থান, কাল, পাত্র যাচাই না করে কোনো কিছু বিশ্বাস না করার পাশাপাশি সমাজের শুভ ও ইতিবাচক বার্তাগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ববোধের পরিচায়ক। পরিশেষে, সঠিক প্রযুক্তিগত ও আর্থিক সচেতনতাই পারে একজন সাধারণ ব্যবহারকারীকে সুরক্ষিত, দায়িত্বশীল এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে রূপান্তরিত করতে।
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
জনগণের সরকার