সমাজে দুর্নীতি বা corruption-এর সত্যতা অস্বীকার করার উপায় নেই। সুযোগ যেখানে, দুর্নীতি সেখানে। জন্মগতভাবে হয়তবা কেউ রাজা হরিশচন্দ্র হয়ে জন্মাননি, সেটা সত্যি কথা। তাই অভাবে, অনটনে, স্বভাবে, লোভের বশবর্তী হয়ে দুর্নীতির ফাঁদে পা রাখতে কেউ পিছপা হয় না। কিন্তু জনপ্রতিনিধি, জনসেবক ও জনগণ এক কথা নয়। জনসেবক বা Govt. servantদের দায়িত্ব জনগণকে পরিষেবা প্রদান করা। সেই জায়গায় জনসেবক বা জনপ্রতিনিধিরা জনগণের টাকাই লুঠ করলে তা উন্নয়নের পরিপন্থি। চোরের স্বভাব চুরি করা - রাজনীতি বা প্রশাসন শুধুমাত্র একটা মাধ্যম। তাই দলমত নির্বিশেষে সর্বপ্রকার দুর্নীতির প্রতিবাদ করা উচিত। কিন্তু শুধু প্রতিবাদ করলেই চোর ধরা পড়ে না। তার জন্য চাই আইন ব্যবস্থার উন্নতি ও স্বচ্ছ নিয়মপ্রণালী - যে সিস্টেমে চুরি নিজে থেকেই ধরা পড়ে যাবে। যে কোনো প্রকার অনিয়ম হলে সিস্টেমই দেখিয়ে দেবে কোথায় ভুল। সময় থাকতে থাকতে ভুল শুধরে নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি করাটা আখেরে সবার ক্ষেত্রে সুখকর নাও হতে পারে, দলবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি, গুন্ডামি করা এলাকার মাতব্বরদের অস্তিত্ব যেখানে, অরাজকতা সেখানে। এদের দিয়ে আদৌ কোনোদিন জনগণের মঙ্গল হয়েছে কিনা সেটা একটি বিরাট প্রশ্ন। হলেও তা নিজেদের অন্ধকার দুর্নীতির জগৎটাকে ঢেকে ফেলার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। নীল শেয়াল সেজে মানুষকে বোকা বানানোর খেলায় এরা সিদ্ধহস্ত। কোনো প্রকার নিয়মের এরা পরোয়া করে না। সুযোগ এবং প্রশ্রয় পেলে তার অসৎ ব্যবহার করার লোকের অভাব না। সুযোগের অপব্যবহার করাটা একটি বদঅভ্যাস। ধান্দাবাজি এবং business management এক কথা নয়। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, বদলে দিতে পারে তার স্বভাবচরিত্র। মানুষ ভুলে যায় তার নিজের সত্তা, মানুষ হয়ে উঠতে পারে অমানুষ। আজকের পৃথিবীতে টিকে থাকাটাই একটা কঠিন বাস্তবতা। তাই চুরি করে বড়োলোক হবার লোভ সকলে সামলাতে পারে না।
যে-কোনো প্রকার সমস্যার সমাধান করতে গেলে প্রথমে সমস্যাটা কী সেটাই আগে ভালোভাবে বোঝা দরকার। তারপর তার সম্ভাব্য সমাধান কিকি হতে পারে সেটা দেখা দরকার। সেই সমাধান কী করে করা যেতে পারে, তাও জানা থাকতে হবে। প্রশ্ন হলো:
১) দুর্নীতি প্রতিরোধে কিকি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
২) দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারের কী করা উচিত?
৩) জনগণ কী ভাবে দুর্নীতি প্রতিরোধে সদর্থক ভূমিকা পালন করতে পারে?
এই দুর্নীতির ভাইরাস বা ক্যান্সারকে প্রতিহত করার সঠিক উপায় যতদিন না বের করা সম্ভব হচ্ছে, ততদিন প্রকৃত অর্থে সকলের বিশ্বাস অর্জন করে, সকলকে সঙ্গে নিয়ে দেশ ও দশের সার্বিক উন্নয়ন এবং সুনির্দিষ্ট লক্ষ্যে অগ্রগতি সম্ভব নয়।
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
দুর্নীতির ভাইরাস
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
তিনটি অতি পরিচিত প্রবাদের সারকথা
অহংকার পতনের মূল
অহংকারী ব্যক্তি নিজেকে সবার চেয়ে বড় এবং অভ্রান্ত মনে করে। এই অতি-আত্মবিশ্বাসের ফলে সে নিজের দোষ-ত্রুটি দেখতে পায় না এবং অন্যের ভালো পরামর্শ গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই অন্ধত্বই তাকে ভুল পথে পরিচালিত করে। অহংকার মানুষকে উদ্ধত ও অসংবেদনশীল করে তোলে। এর ফলে সে আশেপাশের মানুষকে তুচ্ছজ্ঞান করে, যা তাকে সমাজ ও বন্ধুহীন করে দেয়। মানুষ যখন একা হয়ে পড়ে এবং তার নৈতিক ভিত্তি দুর্বল হয়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। শিক্ষার মূল শর্ত হলো বিনয়। অহংকারী ব্যক্তি মনে করে সে সব জানে, তাই তার নতুন কিছু শেখার পথ বন্ধ হয়ে যায়। জ্ঞান ও দক্ষতার এই স্থবিরতা তাকে প্রতিযোগিতায় পিছিয়ে দেয় এবং ব্যর্থতার দিকে ঠেলে দেয়। ইতিহাস সাক্ষী যে, বড় বড় সাম্রাজ্য বা শক্তিশালী ব্যক্তিরা যখনই নিজেদের অপরাজেয় ভেবে অহংকারে মত্ত হয়েছে, তখনই তাদের পতন শুরু হয়েছে। বিনয় মানুষকে উঁচুতে তোলে, আর অহংকার নিচে টেনে নামায়।
লোভে পাপ, পাপে মৃত্যু
মানুষ যখন নিজের সামর্থ্য বা যা আছে তাতে সন্তুষ্ট না থেকে অন্যায়ভাবে অন্যের কিছু পাওয়ার বা অতিরিক্ত কিছু ভোগ করার আকাঙ্ক্ষা করে, তখনই লোভ জন্মায়। এই অতিরিক্ত লালসা মেটাতে গিয়ে মানুষ মিথ্যা, চুরি, প্রতারণা বা দুর্নীতির আশ্রয় নেয়, যাকে বলা হয় পাপ। লোভে পড়ে মানুষ তার বিবেক এবং হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন ন্যায়-অন্যায়ের বিচার না করে কেবল নিজের স্বার্থ দেখে। এই মানসিক বিকৃতি তাকে সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাকে মানসিকভাবে অশান্ত ও দেউলিয়া করে তোলে। লোভে পড়ে মানুষ যখন তার মান-সম্মান, বিবেক এবং বিশ্বাস হারায়, তখন সামাজিকভাবে তার এক প্রকার মরণ ঘটে। তার অর্জিত সম্পদ তাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে না। অন্যায় লালসা মানুষকে অপরাধের পথে টানে, আর সেই অপরাধই এক সময় তাকে ধ্বংস করে দেয়। মানুষের অনিয়ন্ত্রিত লালসা তাকে করুণ পরিণতির দিকে নিয়ে যায়।
অতি চালাকের গলায় দড়ি
চলাফেরা বা কাজকর্মে বুদ্ধিমত্তা থাকা ভালো, কিন্তু অতি চালাকি বা ধূর্ততা মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়। অতি চালাক ব্যক্তি মনে করে সে সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু এই অতি-আত্মবিশ্বাস থেকেই সে ছোটখাটো ভুল করে বসে যা পরে বড় বিপদের কারণ হয়। যারা নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মনে করে এবং কূটকৌশলের মাধ্যমে অন্যকে ঠকাতে চায়, শেষ পর্যন্ত তারাই বিপদে পড়ে। যে ব্যক্তি সবসময় কৌশলে নিজের স্বার্থ হাসিল করতে চায়, একসময় সমাজের কাছে তার আসল রূপ প্রকাশ পায়। ফলে কেউ তাকে আর বিশ্বাস করে না। বিপদে পড়লে সে তখন আর কারও সাহায্য পায় না। অতি চালাক মানুষ অন্যদের জন্য যে ফন্দি বা ফাঁদ পাতে, পরিস্থিতির ফেরফারে অনেক সময় সে নিজেই সেই ফাঁদে পড়ে যায়। অতি বুদ্ধিমত্তা দেখাতে গিয়ে নীতিহীন হওয়া শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে। সরলতা ও সততা চাতুর্যের চেয়ে অনেক বেশি টেকসই।