Crime লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Crime লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দুর্নীতির ভাইরাস

সমাজে দুর্নীতি বা corruption-এর সত্যতা অস্বীকার করার উপায় নেই। সুযোগ যেখানে, দুর্নীতি সেখানে। জন্মগতভাবে হয়তবা কেউ রাজা হরিশচন্দ্র হয়ে জন্মাননি, সেটা সত্যি কথা। তাই অভাবে, অনটনে, স্বভাবে, লোভের বশবর্তী হয়ে দুর্নীতির ফাঁদে পা রাখতে কেউ পিছপা হয় না। কিন্তু জনপ্রতিনিধি, জনসেবক ও জনগণ এক কথা নয়। জনসেবক বা Govt. servantদের দায়িত্ব জনগণকে পরিষেবা প্রদান করা। সেই জায়গায় জনসেবক বা জনপ্রতিনিধিরা জনগণের টাকাই লুঠ করলে তা উন্নয়নের পরিপন্থি। চোরের স্বভাব চুরি করা - রাজনীতি বা প্রশাসন শুধুমাত্র একটা মাধ্যম। তাই দলমত নির্বিশেষে সর্বপ্রকার দুর্নীতির প্রতিবাদ করা উচিত। কিন্তু শুধু প্রতিবাদ করলেই চোর ধরা পড়ে না। তার জন্য চাই আইন ব্যবস্থার উন্নতি ও স্বচ্ছ নিয়মপ্রণালী - যে সিস্টেমে চুরি নিজে থেকেই ধরা পড়ে যাবে। যে কোনো প্রকার অনিয়ম হলে সিস্টেমই দেখিয়ে দেবে কোথায় ভুল। সময় থাকতে থাকতে ভুল শুধরে নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি করাটা আখেরে সবার ক্ষেত্রে সুখকর নাও হতে পারে, দলবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি, গুন্ডামি করা এলাকার মাতব্বরদের অস্তিত্ব যেখানে, অরাজকতা সেখানে। এদের দিয়ে আদৌ কোনোদিন জনগণের মঙ্গল হয়েছে কিনা সেটা একটি বিরাট প্রশ্ন। হলেও তা নিজেদের অন্ধকার দুর্নীতির জগৎটাকে ঢেকে ফেলার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। নীল শেয়াল সেজে মানুষকে বোকা বানানোর খেলায় এরা সিদ্ধহস্ত। কোনো প্রকার নিয়মের এরা পরোয়া করে না। সুযোগ এবং প্রশ্রয় পেলে তার অসৎ ব্যবহার করার লোকের অভাব না। সুযোগের অপব্যবহার করাটা একটি বদঅভ্যাস। ধান্দাবাজি এবং business management এক কথা নয়। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, বদলে দিতে পারে তার স্বভাবচরিত্র। মানুষ ভুলে যায় তার নিজের সত্তা, মানুষ হয়ে উঠতে পারে অমানুষ। আজকের পৃথিবীতে টিকে থাকাটাই একটা কঠিন বাস্তবতা। তাই চুরি করে বড়োলোক হবার লোভ সকলে সামলাতে পারে না। 
যে-কোনো প্রকার সমস্যার সমাধান করতে গেলে প্রথমে সমস্যাটা কী সেটাই আগে ভালোভাবে বোঝা দরকার। তারপর তার সম্ভাব্য সমাধান কিকি হতে পারে সেটা দেখা দরকার। সেই সমাধান কী করে করা যেতে পারে, তাও জানা থাকতে হবে। প্রশ্ন হলো: 
১) দুর্নীতি প্রতিরোধে কিকি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
২) দুর্নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারের কী করা উচিত? 
৩) জনগণ কী ভাবে দুর্নীতি প্রতিরোধে সদর্থক ভূমিকা পালন করতে পারে?

এই দুর্নীতির ভাইরাস বা ক্যান্সারকে প্রতিহত করার সঠিক উপায় যতদিন না বের করা সম্ভব হচ্ছে, ততদিন প্রকৃত অর্থে সকলের বিশ্বাস অর্জন করে, সকলকে সঙ্গে নিয়ে দেশ ও দশের সার্বিক উন্নয়ন এবং সুনির্দিষ্ট লক্ষ্যে অগ্রগতি সম্ভব নয়।

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আইনের শাসন

সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়, অপরাধ, দুবৃত্তায়ন, অবিচার, অঘটন, অনিয়ম, মাফিয়াতন্ত্র ও দুর্নীতি - এসবের অধিকাংশই সময়মতো প্রতিহত করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগী আইনের দ্বারস্থ হলেও যথাযথ প্রমাণ বা সদিচ্ছার অভাবে অপরাধীর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয় না। পেশিশক্তি, ক্ষমতার দম্ভ এবং টাকার জোরে নানাবিধ অপরাধ সংঘটিত করেও যে কেউ সহজেই পার পেয়ে যেতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল নাগরিক সমাজের নিশ্চুপতা। অন্যের ঘরে চুরি হলেও আমার তাতে কিছু যায় আসে না — এমন মানসিকতার ফলে প্রতিবেশীও বিপদে পাশে এসে দাঁড়ায় না। এই ঘটনা যে নিজের ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটতে পারে, সেই চিন্তা হয়তো কেউ করে না। কেউ কেউ হয়তো নিজের মতামত প্রকাশের অধিকারটাই হারিয়ে ফেলেছে অথবা সঠিকভাবে নিজের বক্তব্য জনসমক্ষে উত্থাপন করতে পারছে না। বরং যা কিছু দেখা ও শোনা যায় তার একটা অংশ অর্ধসত্য, মনগড়া, ভুল তথ্য বা উল্টো কথা। বাস্তবে ঘটনাটা কি ঘটেছিল তার বিস্তারিত বিবরণ সহজে পাওয়া যায় না। ভুক্তভোগী কী বললেন, অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কেন যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করল না, রাজনৈতিক নেতৃত্বকেই বা কেন প্রশ্ন করা হল না? চুরি করা টাকার ভাগ চোর ছাড়া আর কার কার পকেটে গেল? বাকিরা তাতে নীরব কেন? চোরকে কি জিজ্ঞেস করা হয় না যে সে কেন চুরি করে—সে কি নিজের ইচ্ছায় নাকি কারো নির্দেশে এই কাজ করল? অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আর যেন সেই ভুল না হয়, সেটা সকলেরই দেখা উচিত। যে সমাজে অর্থোপার্জনই চরম লক্ষ্য, সেখানে যে কোনো সুযোগ পেলে সকলেই তা কাজে লাগাতে চায়। সেই ক্ষেত্রে ঠিক-বেঠিক বা কর্মের পরিণতি কি হবে, তা নিয়ে যারা মাথা ঘামায় না, তারাই সহজে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ঝড়বৃষ্টি আসার আগেই বাড়িঘর মেরামত করে নিতে হয়, যাতে বর্ষাকালে তা ভেঙ্গে না পড়ে। সরকারি ও প্রশাসনিক ব্যবস্থাপনা এই সব দুর্নীতি ও অপরাধকে যথাসময়ে প্রতিহত না করে উল্টো সমর্থন বা সুযোগ করে দিলে ভুল হবে।

সব বাগানেই আগাছা জন্মায়, সেটা নিয়মিত ভাবে পরিষ্কার করতে না পারলে একসময় বাগান আর বাগান থাকে না - জঙ্গলে পর্যবসিত হয়। সিস্টেম ও আইন ব্যবস্থার প্রয়োগে ফাঁক আছে বলেই অপরাধ করেও অনেকে খুব সহজেই রেহাই পেয়ে যায়। প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বলেই যে কোনো রকম অঘটন সময় মতো প্রতিহত করা যায় না। প্রশ্রয় পেতে পেতে ক্ষুদ্র অপরাধীও হাতির পিঠে চড়া পিঁপড়ের মতো দুঃসাহসী হয়ে ওঠে, মশারাও হয়ে ওঠে ভয়ংকর। বংশবিস্তার করতে করতে এরা সংখ্যায় এখন মানুষের চেয়েও বেশি। তথাপি মনুষ্য প্রজাতি তাতে বিপন্ন নয় বলেই হয়তো এরা ততটা গুরুত্ব পায় না। যতই কামড়াক না কেন, না মেরে ধোঁয়া দিয়ে মশা তাড়ানোর মতোই অস্বীকার বা উপেক্ষা করার মধ্য দিয়ে আমাদের ঘরেই যে চোরের বসবাস, তা আমরা কেউই মানতে রাজি হই না। প্রশ্ন হল - যাদের ছেলেমেয়েরা আজকের দিনে চোর-ডাকাত-মাফিয়া বা অন্য কোন অপরাধের সঙ্গে যুক্ত, তাদের পিতামাতা ও শিক্ষক-শিক্ষিকারা এতদিন তাহলে তাদের কি শিক্ষা দিয়েছিলেন? সিলেবাস বহির্ভূত এতকিছু এরা জানল কি করে? হয়তো মানুষের মতো মানুষ হবার শিক্ষাটাই এরা কোনোকালে পায়নি। কেননা অতিচালাকের কি পরিণতি হয়, তা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করতে চায় না। সৎ মানুষ মাত্রেই নির্বোধ এবং চতুরতাই সাফল্যের মাপকাঠি — এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমাজের একটা অংশ খুব সহজেই ভুল পথে পরিচালিত হয়, যার প্রত্যক্ষ বা পরোক্ষ নেতিবাচক প্রভাব আগে পরে সকলকেই ভোগ করতে হয়। এর থেকে রেহাই পেতে সময় থাকতে থাকতেই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সমস্যা জটিল অঙ্কের মতোই, সঠিক সমাধানে পৌঁছানোর সদিচ্ছা না থাকলে তা অমীমাংসিতই থেকে যায়। সমাজে অপরাধ নামক সংক্রামক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সময়মতো, সঠিকভাবে ও সহজে বিচার নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

একটি চোরের গল্প

একদিন এক চোর চুরি করার উদ্দেশ্য নিয়ে পাশের গ্রামের একটি বনেদি বাড়িতে গেল। গিয়ে দেখল বাড়ির ষন্ডামার্কা দারোয়ান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তাকে বিরক্ত না করে সোজা চলে গেল ঘরের সামনে। গিয়ে দেখল যে দরজা-জানালা সব খোলা রেখেই বাড়ির মালিক কোথাও গেছেন। হয়তবা কোন গুরুত্বপূর্ণ কাজ হবে, তাই দরজা-জানালা বন্ধ করারও সময় পাননি। ঘরে ঢুকে চুরি করতে গিয়ে টাকা-পয়সা তেমন কিছুই সে খুঁজে পেল না। কিন্তু অন্য যা কিছু দামি জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব সবকিছু সে বস্তায় ভরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। যাবার পথে দেখতে পেল একজন পুলিশ বাইক চালিয়ে আসছে। চোরকে দেখে জিজ্ঞেস করল, “কোথায় যাচ্ছ?” চোর বলল, “স্যার, আমাদের অনেক কষ্ট। চুরি করাটাই আমাদের পেশা। আর আপনি তো জানেন স্যার যে কর্মই ধর্ম, তাই আমি নিজ ধর্ম পালন করছি। কিন্তু চুরি করতে গিয়ে টাকাপয়সা তেমন কিছুই পাওয়া গেল না। আমি আমার আগের চুরি করা টাকা থেকে কিছু নিয়ে এসেছিলাম। এটা আপনি রাখেন।”

পুলিশ বলল, “সে তো ঠিক আছে। কিন্তু আমাদের ধর্মও তো আমাদের পালন করতে হবে। বাড়িওয়ালা কমপ্লেইন করলে তোকে খুঁজতে আমরা তোর বাড়িতে যাব। তোকে যেন এই এলাকায় কয়েক মাস আর না দেখতে পাই।”

চোর সবিনয়ে বলল, “ঠিক আছে স্যার।”

যাবার পথে কি মনে হতে নিজের ভুয়া সিমের মোবাইল বের করে পত্রিকা অফিসে ফোন করল। ফোনের ওপার থেকে কেউ জিজ্ঞেস করল, “হ্যালো, কে বলছেন?” চোর বলল, “আমাকে আপনি চিনবেন না। কিন্তু একটা খবর আছে। চুরি হয়েছে। সেটা জানাতেই ফোন করলাম। কিন্তু একটাই অনুরোধ, আমার পরিচয় গোপন রাখবেন।” বলে চোর কখন, কীভাবে, কোথায় চুরি করেছে তার সব বৃত্তান্ত দিয়ে দিল। ফোনে কথা শেষ হতে না হতেই কিছু লোক তাকে ঘিরে ধরল। সঙ্গের জিনিসপত্র কোথা থেকে পেয়েছে জানতে চাইলে চোর তার সদুত্তর দিতে পারল না। চোর সন্দেহে লোকগুলো তাকে বেদম পেটাতে লাগল এবং পুলিশের হাতে ধরিয়ে দিল। পরদিন সকালে পত্রিকায় বাড়ির মালিকের ছবিসহ চুরির খবরটি প্রকাশিত হল এবং সাথে জনগণকে এটাও বুঝিয়ে বলা হল যে কারোরই আইন নিজ হাতে তুলে নেওয়া উচিত নয়। কেননা আইন আইনের পথে চলবে। যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কয়েকদিন সব ঠিকঠাক চলল। বাড়ির মালিক নিজের চুরি যাওয়া জিনিসপত্রের অধিকাংশই ফেরত পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানালেন। কিন্তু কিছুদিনের মধ্যেই চোর খুব সহজেই ছাড়া পেয়ে গেল। সেই খবর আর কোথাও প্রকাশিত হল না। চোরও কিছুদিন চুপচাপ থেকে তারপর আবার চুরি করার উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা শুরু করল। কিন্তু এইবার আর চুরি করার সময় মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাবে না বলেই মনস্থির করল। বেশি দূর না গিয়ে চুরি করতে একদিন সেই পাড়ারই এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ল। চুরি করার আগে প্রচণ্ড খিদে পেয়েছে বলে রান্নাঘরে কিছু খাবার আছে কিনা দেখতে গেল। দেখল যে মাংস-ভাত রান্না করা আছে, তাই খেতে লাগল। ততক্ষণে ব্যবসায়ী বাড়িতে ফিরে এসে চোরকে দেখে চিনতে পেরে গেলেন। খাবার চুরি করার জন্য তার বাড়িতে কেউ হানা দিতে পারে বলে তার ধারণা ছিল না। ধরা পড়ে গিয়ে চোর হাউমাউ করে কাঁদতে লাগল আর ক্ষমা চাইতে লাগল।

ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, “তুই চুরি করিস কেন?” চোর বলল, “দাদা, আমার কোনো রোজগার নেই, জিনিস চুরি করে সেগুলি বিক্রি করে খাই।”

ব্যবসায়ী বললেন, “আমি তোকে পুলিশে দেব না, কিন্তু তুই এই চুরি করাটা বন্ধ কর। তার বদলে তোকে আমি জিনিস বেচারই কাজ দিচ্ছি। যত টাকার জিনিস বেচতে পারবি তার ১০% কমিশন তোর। মাসের শেষে সর্বমোট যত টাকার বিক্রি হবে তার উপর বোনাসও পাবি। বল রাজি আছিস কিনা?” চোর এই প্রস্তাবে রাজি হয়ে গেল।

জিনিস বিক্রি করে ধীরে ধীরে তার লাভের পরিমাণ বাড়তে থাকল। অপরাধের জগৎ থেকে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য সে ব্যবসায়ীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকল। তার নিজস্ব অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হলে সে মাঝে মাঝেই তার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার লক্ষ্যে সমাজের বিভিন্ন জনসেবামূলক কাজে যথাসম্ভব দান-দক্ষিণা করে একজন সুনাগরিক হিসাবে নিজের দায়িত্ব ও দায়বদ্ধতা পালন করতে লাগল।

Buy me a coffee