Story লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Story লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ মে, ২০২৬

চাঁদের দেশে নতুন বাড়ি

একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তার দিয়া। প্রতিদিন রাতে জানলার ধারে বসে সে রূপোলি চাঁদের দিকে তাকিয়ে থাকত। একদিন সে তার দাদুকে জিজ্ঞেস করল, "দাদু, চাঁদে কি আমাদের মতো বাড়ি বানিয়ে থাকা যায়?"

দাদু হেসে বললেন, "হ্যাঁ রে দিয়া! বিজ্ঞানীরা এখন ঠিক সেটাই করার চেষ্টা করছেন। তবে চাঁদে বাড়ি বানানো কিন্তু আমাদের পৃথিবীর মতো এত সহজ নয়।"

দিয়া অবাক হয়ে বলল, "কেন দাদু?"

দাদু তখন একটি মজার গল্প বলতে শুরু করলেন:

"জানিস দিয়া, চাঁদে কোনো বাতাস নেই, গাছপালা নেই। আর সেখানে লুকিয়ে আছে তিনটি বড় বড় রাক্ষস!

প্রথম রাক্ষস হলো—ভীষণ গরম আর তীব্র ঠাণ্ডা! যখন রোদ ওঠে, তখন সেখানে এত গরম হয়ে যায় যে জল এক সেকেন্ডে ফুটে যায়। আর যখন রাত হয়, তখন চারপাশ বরফের চেয়েও শত গুণ ঠাণ্ডা হয়ে যায়! 

দ্বিতীয় রাক্ষস হলো—মহাকাশের ক্ষতিকর রশ্মি আর পাথর বৃষ্টি! পৃথিবীতে বাতাস আছে বলে ক্ষতিকর আলো বা ওপর থেকে পড়া পাথর আমাদের গায়ে লাগে না। কিন্তু চাঁদে তো বাতাস নেই, তাই টুসটুস করে সারাদিন ওপর থেকে পাথর ঝরে!

তৃতীয় রাক্ষস হলো—চাঁদের ধুলো! ওখানকার ধুলো আমাদের মাটির মতো নরম নয়, কাঁচের টুকরোর মতো ধারালো আর চিমটে। জামাকাপড়ে লাগলে আর ছাড়ানো যায় না।

দিয়া ভয় পেয়ে বলল, "ওরে বাবা! তাহলে মানুষ ওখানে থাকবে কী করে?"

দাদু চোখ টিপে বললেন, "সেখানেই তো আসল মজা! মানুষ তো দমে যাওয়ার পাত্র নয়। বিজ্ঞানীরা একদল 'রোবট জাদুকর' পাঠাবেন চাঁদে। এই রোবটগুলো দেখতে অনেকটা খেলনা ক্রেনের মতো।

ওরা চাঁদে গিয়ে ওখানকার ধারালো ধুলো আর মাটি কুড়াবে। তারপর এক অদ্ভুত জাদুর আঠা দিয়ে বা গরম করে সেই মাটি দিয়ে চাঁদের বুকেই ইট আর পাথর তৈরি করবে! মানুষের জন্য তৈরি হবে একটা শক্ত গোল ঘর, ঠিক যেন একটা বড় ডিমের মতো।"

 
"সেই ঘরের ওপর রোবটরা চাঁদের মাটির একটা মস্ত বড় ও মোটা দেওয়াল তুলে দেবে। ব্যস! ওই মোটা দেওাল চুরমার করে কোনো গরম, ঠাণ্ডা বা ক্ষতিকর রশ্মি ভেতরের মানুষকে ছুঁতেও পারবে না।"

"আর একটা দারুণ বুদ্ধি আছে জানিস? চাঁদের মাটির তলায় বড় বড় লুকানো সুড়ঙ্গ বা গুহা আছে। ঠিক যেন রাজপ্রাসাদ! বিজ্ঞানীরা ভাবছেন, ঘরের একটা অংশ ওই গুহার ভেতরেই বানিয়ে ফেলবেন। তাহলে রাক্ষসরা বুঝতেই পারবে না মানুষ কোথায় লুকিয়ে আছে!"

দিয়া হাততালি দিয়ে বলল, "দারুণ তো! কিন্তু দাদু, ওরা খাবে কী? জল কোথায় পাবে?" 

দাদু বললেন, "চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে একটা জায়গা আছে যেখানে কখনোই আলো পৌঁছায় না। সেখানে খুব ঠাণ্ডা। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, সেখানে মাটির নিচে প্রচুর বরফ লুকিয়ে আছে। মানুষ সেই বরফ তুলে এনে গলিয়ে জল বানিয়ে নেবে। আর সেই জল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হবে আমাদের নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন!" 

দিয়া চাঁদের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, "তার মানে দাদু, আমি যখন বড় হব, তখন আমিও চাঁদের ওই ডিমের মতো বাড়িতে বেড়াতে যেতে পারব?" 

দাদু দিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, "নিশ্চয়ই পারবি! তখন তুই চাঁদের জানলা দিয়ে আমাদের এই নীল পৃথিবীকে দেখবি আর বলবি—'বাহ্! মানুষের বুদ্ধি সত্যিই চমৎকার!'"

শনিবার, ২৩ মে, ২০২৬

একসাথে জয়ের আনন্দ

শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল অর্ণব। সারা বছর সে মন দিয়ে পড়াশোনা করত। প্রতিদিন সময়মতো স্কুলে যাওয়া, নিয়মিত হোমওয়ার্ক করা এবং শিক্ষকদের কথা মেনে চলা ছিল তার অভ্যাস। পরীক্ষার আগে সে আরও বেশি পরিশ্রম করল।

অবশেষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন এল। অর্ণব খুব উত্তেজিত ছিল। ফল হাতে পেয়েই সে দেখল, সে ৯৮% নম্বর পেয়েছে। আনন্দে তার চোখ চকচক করে উঠল। কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারল, তার সহপাঠী রিয়া ও সৌম্যও একই নম্বর পেয়েছে।

প্রথমে অর্ণব একটু অবাক হয়েছিল। সে ভেবেছিল, হয়তো এবার সে একাই প্রথম হবে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক মঞ্চে উঠে বললেন,

“তোমরা তিনজনই প্রথম। এটি শুধু প্রতিযোগিতার নয়, একসাথে এগিয়ে যাওয়ারও উদাহরণ। তোমাদের সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।”

এরপর তিনজনকে একসাথে পুরস্কার দেওয়া হলো। তারা একে অপরকে অভিনন্দন জানাল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতেও তারা সবাই মিলে পড়াশোনায় একে অপরকে সাহায্য করবে।

সেদিন অর্ণব বুঝতে পারল, সত্যিকারের সাফল্য শুধু একা জেতার মধ্যে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে আছে।

নৈতিক শিক্ষা:
জীবনে সবাই সমানভাবে সফল হতে পারে। তাই প্রতিযোগিতার পাশাপাশি আমাদের একে অপরকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া উচিত।


শুক্রবার, ২২ মে, ২০২৬

স্বপ্নের ঠিকানা

শহরের এক ব্যস্ত রাস্তার মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান ছিল মেঘলার। বাঁশের খুঁটি, টিনের ছাউনি আর সামনে দু’টি বেঞ্চ—এই ছিল তার পৃথিবী। সকাল থেকে রাত পর্যন্ত পথচারী, রিকশাচালক, অফিসফেরত মানুষ—সকলের ভিড় লেগেই থাকত দোকানটিতে।

মেঘলার বয়স খুব বেশি নয়। বাবাকে ছোটবেলাতেই হারিয়েছে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে মাকে সঙ্গে করেই সে দোকান চালাত। অনেকেই বলত,  
— “মেয়ে মানুষ হয়ে এত কষ্ট করিস কেন?”  
মেঘলা শুধু হেসে বলত,  
— “কষ্ট না করলে স্বপ্ন পূরণ হয় না, কাকু।”

বর্ষাকালে দোকানের সবচেয়ে বেশি সমস্যা হত। বৃষ্টির জল ঢুকে চুলা নিভে যেত, বেঞ্চ ভিজে যেত। তবুও মেঘলা হাল ছাড়েনি। প্রতিদিন সামান্য করে টাকা জমাতে শুরু করল। তার স্বপ্ন ছিল—একদিন নিজের একটি সুন্দর পাকা দোকান হবে, যেখানে মানুষ আরাম করে বসে চা খেতে পারবে।

একদিন শহরের এক ব্যবসায়ী মেঘলার দোকানে চা খেতে এসে অবাক হলেন। এত কম জায়গায় এত সুন্দর ব্যবহার আর পরিশ্রম তিনি আগে দেখেননি। তিনি বললেন,  
— “তোমার চায়ের স্বাদ যেমন ভালো, তেমনি তোমার মনের জোরও।”

সেই মানুষটি মেঘলাকে একটি ছোট দোকানঘর ভাড়ায় নিতে সাহায্য করলেন। মেঘলা নিজের জমানো টাকাও যোগ করল। কয়েক মাসের পরিশ্রমের পর রাস্তার মোড়ের ছোট্ট দোকানটি বদলে গেল একটি সুন্দর চা-ক্যাফেতে।

উদ্বোধনের দিন মেঘলার চোখে জল এসে গিয়েছিল। মা তার মাথায় হাত রেখে বললেন,  
— “আজ তোর বাবাও খুব খুশি হতেন।”

সেই দিন থেকে মেঘলার দোকান শুধু চায়ের দোকান নয়, অনেক মানুষের কাছে অনুপ্রেরণার জায়গা হয়ে উঠল। কারণ, রাস্তার মোড়ের ছোট্ট দোকানও একদিন বড় স্বপ্নের ঠিকানা হতে পারে— যদি সাহস, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকে।


 

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

একটি চোরের গল্প

একদিন এক চোর চুরি করার উদ্দেশ্য নিয়ে পাশের গ্রামের একটি বনেদি বাড়িতে গেল। গিয়ে দেখল বাড়ির ষন্ডামার্কা দারোয়ান নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তাকে বিরক্ত না করে সোজা চলে গেল ঘরের সামনে। গিয়ে দেখল যে দরজা-জানালা সব খোলা রেখেই বাড়ির মালিক কোথাও গেছেন। হয়তবা কোন গুরুত্বপূর্ণ কাজ হবে, তাই দরজা-জানালা বন্ধ করারও সময় পাননি। ঘরে ঢুকে চুরি করতে গিয়ে টাকা-পয়সা তেমন কিছুই সে খুঁজে পেল না। কিন্তু অন্য যা কিছু দামি জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব সবকিছু সে বস্তায় ভরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। যাবার পথে দেখতে পেল একজন পুলিশ বাইক চালিয়ে আসছে। চোরকে দেখে জিজ্ঞেস করল, “কোথায় যাচ্ছ?” চোর বলল, “স্যার, আমাদের অনেক কষ্ট। চুরি করাটাই আমাদের পেশা। আর আপনি তো জানেন স্যার যে কর্মই ধর্ম, তাই আমি নিজ ধর্ম পালন করছি। কিন্তু চুরি করতে গিয়ে টাকাপয়সা তেমন কিছুই পাওয়া গেল না। আমি আমার আগের চুরি করা টাকা থেকে কিছু নিয়ে এসেছিলাম। এটা আপনি রাখেন।”

পুলিশ বলল, “সে তো ঠিক আছে। কিন্তু আমাদের ধর্মও তো আমাদের পালন করতে হবে। বাড়িওয়ালা কমপ্লেইন করলে তোকে খুঁজতে আমরা তোর বাড়িতে যাব। তোকে যেন এই এলাকায় কয়েক মাস আর না দেখতে পাই।”

চোর সবিনয়ে বলল, “ঠিক আছে স্যার।”

যাবার পথে কি মনে হতে নিজের ভুয়া সিমের মোবাইল বের করে পত্রিকা অফিসে ফোন করল। ফোনের ওপার থেকে কেউ জিজ্ঞেস করল, “হ্যালো, কে বলছেন?” চোর বলল, “আমাকে আপনি চিনবেন না। কিন্তু একটা খবর আছে। চুরি হয়েছে। সেটা জানাতেই ফোন করলাম। কিন্তু একটাই অনুরোধ, আমার পরিচয় গোপন রাখবেন।” বলে চোর কখন, কীভাবে, কোথায় চুরি করেছে তার সব বৃত্তান্ত দিয়ে দিল। ফোনে কথা শেষ হতে না হতেই কিছু লোক তাকে ঘিরে ধরল। সঙ্গের জিনিসপত্র কোথা থেকে পেয়েছে জানতে চাইলে চোর তার সদুত্তর দিতে পারল না। চোর সন্দেহে লোকগুলো তাকে বেদম পেটাতে লাগল এবং পুলিশের হাতে ধরিয়ে দিল। পরদিন সকালে পত্রিকায় বাড়ির মালিকের ছবিসহ চুরির খবরটি প্রকাশিত হল এবং সাথে জনগণকে এটাও বুঝিয়ে বলা হল যে কারোরই আইন নিজ হাতে তুলে নেওয়া উচিত নয়। কেননা আইন আইনের পথে চলবে। যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

কয়েকদিন সব ঠিকঠাক চলল। বাড়ির মালিক নিজের চুরি যাওয়া জিনিসপত্রের অধিকাংশই ফেরত পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানালেন। কিন্তু কিছুদিনের মধ্যেই চোর খুব সহজেই ছাড়া পেয়ে গেল। সেই খবর আর কোথাও প্রকাশিত হল না। চোরও কিছুদিন চুপচাপ থেকে তারপর আবার চুরি করার উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা শুরু করল। কিন্তু এইবার আর চুরি করার সময় মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাবে না বলেই মনস্থির করল। বেশি দূর না গিয়ে চুরি করতে একদিন সেই পাড়ারই এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ল। চুরি করার আগে প্রচণ্ড খিদে পেয়েছে বলে রান্নাঘরে কিছু খাবার আছে কিনা দেখতে গেল। দেখল যে মাংস-ভাত রান্না করা আছে, তাই খেতে লাগল। ততক্ষণে ব্যবসায়ী বাড়িতে ফিরে এসে চোরকে দেখে চিনতে পেরে গেলেন। খাবার চুরি করার জন্য তার বাড়িতে কেউ হানা দিতে পারে বলে তার ধারণা ছিল না। ধরা পড়ে গিয়ে চোর হাউমাউ করে কাঁদতে লাগল আর ক্ষমা চাইতে লাগল।

ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, “তুই চুরি করিস কেন?” চোর বলল, “দাদা, আমার কোনো রোজগার নেই, জিনিস চুরি করে সেগুলি বিক্রি করে খাই।”

ব্যবসায়ী বললেন, “আমি তোকে পুলিশে দেব না, কিন্তু তুই এই চুরি করাটা বন্ধ কর। তার বদলে তোকে আমি জিনিস বেচারই কাজ দিচ্ছি। যত টাকার জিনিস বেচতে পারবি তার ১০% কমিশন তোর। মাসের শেষে সর্বমোট যত টাকার বিক্রি হবে তার উপর বোনাসও পাবি। বল রাজি আছিস কিনা?” চোর এই প্রস্তাবে রাজি হয়ে গেল।

জিনিস বিক্রি করে ধীরে ধীরে তার লাভের পরিমাণ বাড়তে থাকল। অপরাধের জগৎ থেকে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য সে ব্যবসায়ীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকল। তার নিজস্ব অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হলে সে মাঝে মাঝেই তার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার লক্ষ্যে সমাজের বিভিন্ন জনসেবামূলক কাজে যথাসম্ভব দান-দক্ষিণা করে একজন সুনাগরিক হিসাবে নিজের দায়িত্ব ও দায়বদ্ধতা পালন করতে লাগল।

Buy me a coffee